আমাদের ভারত, ২১ মার্চ: প্রতিরক্ষার প্রস্তুতি তথা দেশ গঠনের লক্ষ্যে নয়া উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। দেশ জুড়ে ১০০টি নতুন ফেমাস স্কুল খোলার ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেবল তাই নয়, দেশে এনসিসি ক্যাডারের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।
তাঁর দাবি, সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো যুবকদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেমের মূল্যবোধ জাগানো। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে উত্তরাখণ্ডের এক সেনা স্কুলে উপস্থিত হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা এনসিসিতে নিয়োগের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছি। আগে যেখানে ১৭ লক্ষ নিয়োগ হতো সেটা বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে। এর ফলে আরো বেশি শিশু দেশ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় মূল্যবোধ শেখার সুযোগ পাবে। পাশাপাশি দেশের সেনার সংখ্যা বাড়ানোর বার্তাও দিয়েছেন তিনি।
রাজনাথ সিং জানান, সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে সারা দেশ জুড়ে ১০০টি নতুন সেনা স্কুল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর কথায়, এই প্রতিষ্ঠানগুলি শুধু দেশের যুবকদের প্রতিরক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার জন্যই প্রস্তুত করে না বরং বিভিন্ন সেবামূলক ক্ষেত্রে নেতৃত্ব পালনে সক্ষম করে তোলে।
কেবল তাই নয়, সেনা স্কুলে মেয়েদের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, সরকারে এই উদ্যোগ নিশ্চিতভাবে ঐতিহাসিক পদক্ষেপ। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এটা যুগান্তকারী উদ্যোগ। আমাদের দেশে মহিলা ক্যাডারদের সাফল্য প্রমাণ করছে দেশের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে ছেলেদের সমকক্ষ।
সেনা স্কুল বা আর্মি পাবলিক স্কুল ভারতের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। মূলত সেনা নিবাস এলাকাতেই অবস্থিত। স্কুলগুলিতে কঠোর শৃঙ্খলা ও ভালো শিক্ষার পাশাপাশি শিশুদের নিয়মানুবর্তিতার পাঠ দেওয়া হয়। বেশিরভাগ স্কুল সিবিএসসি পাঠক্রম অনুসরণ করে। এই স্কুলগুলি সেনা সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেয়।

