স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৪০টি শহরকে জুড়ে চলবে ১০টি বন্দে ভারত এক্সপ্রেস

আমাদের ভারত, ১৮ জুলাই: ২০১৯ সালের অক্টোবর মাসে
দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ইঞ্জিন বিহীন সেমি হাই স্পিড ট্রেন বন্ধ ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে নতুন উদ্যোগ নিল রেলমন্ত্রক। সূত্রের খবর দেশের ৪০ টি শহরকে জুড়ে কমপক্ষে ১০ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে।

হাতে সময় মাত্র এক বছর তাই খুব তাড়াতাড়ি প্রস্তুতি সেরে ফেলতে চাইছে রেল দপ্তর। সরকারের আশা এই প্রকল্পের ফলে ভারতীয় রেলের নতুন দিক সামনে উঠে আসবে। সম্প্রতি রেল দপ্তরের দায়িত্বভার নেওয়া অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে এই উদ্যোগ শুরু হয়েছে। তার নির্দেশ ২০২২ সালের আগস্টের মধ্যে কমপক্ষে ৪০ টি শহরকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সঙ্গে জুড়ে ফেলতে হবে।

নতুন এই পরিকল্পনার কারণে ট্রেন তৈরির উৎপাদন প্রক্রিয়া ব্যপক হারে বাড়াতে হচ্ছে। এখন দেশে কেবল মাত্র দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করে। দিল্লি থেকে বারানসি এবং দিল্লি থেকে জম্মু কাটরা পর্যন্ত এই বন্দে ভারত এক্সপ্রেস চলে। তবে মোট ১০০ টি বন্দে ভারত এক্সপ্রেস দেশের বিভিন্ন শহরে চালানোর পরিকল্পনা রয়েছে রেলমন্ত্রকের। যার উৎপাদন খরচ হতে পারে ১১ হাজার কোটি টাকা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *