প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে অভিযান শিলিগুড়িতে, একাধিক গুদামে হানা, বাজেয়াপ্ত ১০ টন প্লাস্টিক

জে মাহাতো, আমাদের ভারত, শিলিগুড়ি, ১১ আগস্ট:
শিলিগুড়ি শহরে এখন প্লাস্টিকের রমরমা। প্রতিটি বাজারেই প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া যায় খুব সহজেই। আর এতেই হয়েছে যত সমস্যা। এই ক্যারি ব্যাগের জন্য ওয়ার্ডের বিভিন্ন নালা আটকে জল জমে যাচ্ছে। আর তাই শহর থেকে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতেই অভিযান শুরু করেছে প্রশাসন। এদিন সকালে ডিআই ফান্ড মার্কেটে গিয়ে হাতজোড় করে সকল ব্যবসায়ীকে অনুরোধ করা হয় তারা যাতে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করেন। বাজারে একটি প্লাস্টিক ক্যারিব্যাগের পাইকারি দোকান থেকে প্রচুর ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন দোকান থেকেও প্লাস্টিকের ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। তবে কাউকে জরিমানা করা হয়নি।

একইভাবে শিলিগুড়ির সেভক রোডে একটি প্লাস্টিকের ক্যারি ব্যাগের গুদামে হানা দেন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা। তারা ওই গুদাম থেকে ১০টন প্লাস্টিক বাজেয়াপ্ত করে। যদিও কাউকে গ্রেফতার করা হয়নি। এ প্রসঙ্গে গৌতম দেব বলেন, ওই গুদাম সিল করে দেওয়া হচ্ছে। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও চলবে। তবে খুব প্রয়োজন মানুষকে সচেতন হওয়া। প্রত্যেকে যদি প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিতে অস্বীকার করেন আর তারা যদি ব্যাগ নিয়ে যান তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ প্লাস্টিকের জন্য নালা বন্ধ হয়ে যাওয়ায় জল জমছে বিভিন্ন ওয়ার্ডে। তিনি আরও বলেন, আপাতত ৩ মাস আমাদের এই অভিযান চলতে থাকবে। পুজোর পর আমরা বৈঠকে বসে রিভিউ করে দেখব আমাদের অভিযান কতটা সফল। তবে আমরা গোটা শহরজুড়ে ব্যানার, হোর্ডিং লাগাচ্ছি। পাড়ায় পাড়ায় লিফলেট বিলি করা হবে প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *