পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৫ আগস্ট: রাজ্য সরকারের বন্দি মুক্তি কার্যক্রমের অধীনে আজ মেদিনীপুরে রাজ্য সরকারের নির্দেশে ‘মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার’ থেকে ১০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের দিনে রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে বন্দিদের মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়। আজ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এই মুক্তি পর্বে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইঞা, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ও পিংলার বিধায়ক অজিত মাইতি সহ কারা দপ্তরের আধিকারিকরা।
কারাদফতরের কাছে করা আবেদন অনুসারে প্রতিবছরই, স্বাধীনতা দিবসের দিনে বিভিন্ন অতীত তথ্য ক্ষতিয়ে দেখে কারা দফতর অনেক বন্দিকে তাদের বন্দিদশা থেকে মুক্তি দিয়ে থাকে৷ তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য মুক্তি দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা জানান, এইসব বন্দিমুক্তদের সামাজিক জীবনে মূল স্রোতে ফেরানোর জন্য রাজ্য সরকার সব রকম ভাবেই সাহায্য করবে। বন্দিদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে নতুন জীবনের জন্য অভ্যর্থনা জানান মন্ত্রী ও আধিকারিকরা।
৯ বছর সংশোধনাগারে থেকে আজ মুক্ত হয়ে বাঁকুড়ার শ্রীকান্ত দে জানান, “জানিনা পরিবার আমাকে কিভাবে গ্রহণ করবে। বাঁকুড়াতে ফেরার পদ্ধতিও ভুলে গিয়েছি৷ প্রশাসনের পক্ষ থেকে গাড়িতে বসিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে৷ জানিনা পরিবারের লোকেরা কেমন রয়েছে৷”

