আমাদের ভারত, জলপাইগুড়ি, কোচবিহার, মেখলিগঞ্জ, ১ আগস্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু। রবিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জল্পেশ মন্দিরে যাওয়ার পথে কোচবিহারের মেখলিগঞ্জ থানার অন্তর্গত চ্যাংরাবান্ধা সংলগ্ন ধরলা সেতুর সামনে। আরও ১৬ জন জখম হয়েছে, তাঁদের মধ্যে ১৪জনের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানাগেছে, পিকআপ ভ্যানে থাকা জেনারেটেরের শর্ট সার্কিটের কারণে এই ভয়ঙ্কর ঘটনা বলে প্রাথমিক অনুমান। জানা যায় শীতলকুচি থেকে পিকআপ ভ্যান বোঝাই করে জল্পেশ যাচ্ছিল পুণ্যার্থীরা। গাড়ির পিছনে লাগানো ডিজে সিস্টেমের জন্য জেনারেটর লাগানো হয়। প্রাথমিক অনুমান সেই জেনারেটরের তার শর্ট সার্কিট হয়ে যায়, সেই কারণে দুর্ঘটনা।
জখমদের উদ্ধার করে প্রথমে চ্যাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা ১০ জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৃতদের বাড়ি কোচবিহারের শীতলকুচি থানা এলাকার শুভঙ্কর বর্মণ, স্বপন বর্মণ, বাদল বর্মণ, বিশাল তির্কি, বিভাস বর্মণ, বিক্রম বৈশ্য, বাপি বর্মণ, লক্ষ্মণ বর্মণ, মানব বর্মণ, সুশান্ত বর্মণ। মোট ২৭ জনের মধ্যে আহত ১৬ জন আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে সকলের।
যে গাড়ি করে আসছিল সকলে, সেই গাড়িটি আটক করেছে পুলিশ। এদিকে গাড়ির চালক পলাতক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

