শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ টাকা আত্মসাৎ, অভিযোগ গাইঘাটার তৃণমূল নেতার বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ মে: প্রাইমারি শিক্ষকের চাকরি দেওয়ার টোপ দিয়ে এক যুবকের পরিবারের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক প্রভাবশালী নেতা তথা তৃণমূলের উপ-প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙ্গা পঞ্চায়েত এলাকায়। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারী রামকৃষ্ণ বালা। গোটা ঘটনায় কটাক্ষ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বাগদা থানার রানিহাটি এলাকার বাসিন্দা রামকৃষ্ণ বালার অভিযোগ, গাইঘাটা থানার ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আন্না বিশ্বাসের স্বামী সমীর বিশ্বাস প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার টোপ দিয়ে ১০ লক্ষ টাকা নিয়েছে তার কাছ থেকে৷ অভিযোগ, ২০১৭ সালে ওই টাকা নেওয়ার পর এখনও পর্যন্ত তার ছেলের চাকরি হয়নি৷ বর্তমানে রামকৃষ্ণবাবু টাকা ফেরত চাইলে প্রাণে মারার হুমকি দিচ্ছে তৃণমূল নেতা সমীর বিশ্বাস, এমনটাই অভিযোগ।

বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, তৃণমূলের এটাই কালচার। চাকরি বিক্রি করে প্রচুর নবজীবন ধ্বংস করেছে। মানুষের কাছ থেকে প্রতারণা করে পার্টি চালাচ্ছে দিদিমণি।

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস বলেন, এখনও পর্যন্ত এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। যদি ঘটনা সত্যি হয়, দল অবশ্য ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

অভিযুক্ত সমীর বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, রামকৃষ্ণ বালা আমার পিসির ছেলে। আমার দাদা হয়। টাকা আমি নিয়েছি, কিন্তু ১০ লক্ষ নয়, আড়াই লক্ষ টাকা। তবে চাকরি দেওয়ার নাম করে নয়। এই অভিযোগ ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *