জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: শনিবার বেলদা থানার শাউরি এলাকায় একটি বেসরকারি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বেলদা এবং এগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, বেলদা থেকে কাঁথিগামী একটি বাস খাকুড়দা হয়ে সাউরির দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায়। বাসের সামনের দিকে ড্রাইভারের কাছে থাকা অংশ ক্ষতিগ্রস্ত হয়। কোনও রকমে চালক বাসটিকে দাঁড় করায়। বাসের মধ্যে থাকা যাত্রীরা কমবেশি আহত হন। ঘটনার পরে ডাম্পারের চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। গাড়ি দুটি আটক করা হয়েছে।

