শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম শিশু সহ ১০

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ অক্টোবর: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। নাম সংকীর্তনের দলে সজোরে ধাক্কা পিকআপ ভ্যানের। শিশুসহ জখম প্রায় ১০ জন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সকলে। নদিয়ার শান্তিপুর থানার বাগ আঁচড়া এলাকার ঘটনা।

জানা যায়, শান্তিপুর থানার বাগআঁচড়ার বাগদেবী তলা এলাকার বেশ কয়েকজন ভক্ত কার্তিক মাস উপলক্ষে প্রতিদিনের মতো সকালে নাম সংকীর্তন করতে রাস্তায় বেরিয়েছিলেন। তার মধ্যে একাধিক মহিলা এবং বেশ কিছু শিশু ছিল। তারা যখন রাস্তা দিয়ে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছিল উল্টো দিক থেকে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই নাম সংকীর্তনের দলে উপর ধাক্কা মারে। পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় মহিলা ও শিশু-সহ একাধিক ব্যক্তিরা। চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থলে স্থানীয়রা এসে হাজির হয়। তবে ততক্ষণে ওই পিকআপ ভ্যানের চালক তড়িঘড়ি গাড়ি নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় সকলেই তড়িঘড়ি গুরুতর অবস্থায় আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতাল এবং কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।

এরপরেই এলাকাবাসীরা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারা চাইছেন অবিলম্বে ওই গাড়ির চালক এবং গাড়িটিকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। তবে সাত সকালে এই দুর্ঘটনার কারণে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *