সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৬ সেপ্টেম্বর: সামনে কল সেন্টার পেছনে প্রতারণা চক্র ৷ নামি কম্পানির নাম ভাড়িয়ে মোটা টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে দশ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| সোমবার রাতে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা কলকাতার পার্কস্ট্রিট ও বাগুইআটি এলাকা থেকে এই দশ অভিযুক্তকে গ্রেফতার করে৷
সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে , গত কয়েক মাস ধরে এই চক্র চালাচ্ছিল তারা। এদের মধ্যে পাঁচজন মহিলা ও পাঁচজন পুরুষ। এই চক্রের বিভিন্ন এলাকায় অফিস আছে বলে জানতে পেরেছে পুলিশ। সম্প্রতি বাগদা থানা এলাকার বাসিন্দা শ্রীনাথ বিশ্বাস নামে এক যুবক প্রতারিত হয়। সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ|

অভিযোগ, ধৃতরা নিজেদের টাটা ক্যাপিটাল সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে ফোন করে লোন পাইয়ে দেওয়ার কথা বলে। ওই ব্যক্তিকে ৭ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে। প্রতারকদের ফাঁদে পড়ে রাজি হয়ে যান শ্রীনাথ বিশ্বাস। এরপর সার্ভিস চার্চ বাবদ আড়াই লক্ষ টাকা তাদের একাউন্টে দিতে বলা হয়। সেই মতো শ্রীনাথবাবু তাদের একাউন্টে টাকা দেয়। তার পর থেকে শ্রীনাথবাবু তাদের সঙ্গে কোনও যোগাযোগ করতে না পেরে বনগাঁর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে দশ অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি পাকস্ট্রিটের ওই ভুয়ো কল সেন্টারটি সিল করে দেয়| ধৃত দের মধ্যে পাঁচ জন মহিলা ও পাঁচজন পুরুষ রয়েছে ৷ মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়৷ এদের মধ্যে চার অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ| বিচারক চারজনকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

