মানবাজারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ ভাঙ্গচুরের ঘটনায় গ্রেফতার ১০

সাথী দাস, পুরুলিয়া, ১৭ মার্চ: বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ ভাঙ্গচুরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ। ধৃতদের বাড়ি মানবাজার ও কেন্দা থানা এলাকায়। বুধবার তাদের পুরুলিয়া আদালতে তোলা হয়। একই সঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবাজারের সভাস্থলের পাশের রাস্তায় বিজেপির প্রচার গাড়ি বা রথ যাওয়ার কোনও অনুমতিই ছিল না। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শুধু মানবাজারের বামনি গ্রামে লাউড স্পিকার নিয়ে পথ সভার অনুমতি ছিল। এদিকে ওই রথে থাকা উত্তরপ্রদেশের চালক ফের বয়ান বদল করে জানিয়েছে, রথের ওপর হামলা করে ভাঙ্গচুর করা হয়। এবং পরে যখন তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় সেইসময় তাকে জোর করে তৃণমূল বয়ান নেয়। তাই ভয় পেয়ে সেই বয়ানে তিনি বলেছিলেন, গরম হওয়ার চাপে আপনা–আপনি গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে গিয়েছে। সবে মিলিয়ে উত্তরপ্রদেশের ওই চালককে নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। মানবাজার বিধানসভা তৃণমূল জানিয়েছে, খুব স্বাভাবিক ভাবেই ওই চালক বিজেপির পক্ষে কথা বলবে।

এদিকে রথের অনুমতি না থাকার বিষয়ে বিজেপি ব্যাখ্যা দিয়ে জানায়, মানবাজারের বিজেপি প্রার্থী গৌরি সিং সর্দারের স্বামী তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার বলেন, “ওই রথের অনুমতি কেন থাকবে? ওই ট্যাবলো তো রাস্তা দিয়ে উদ্বোধনের জন্য বামনি গ্রামে যাচ্ছিল। রথ মানে কি? সেখানে নেতারা থাকবেন, কর্মী সমর্থকরা থাকবেন। তা তো ছিল না। উদ্বোধনের পর রাতে বামনিতে বুধবার থেকে রথকে নিয়ে প্রচার হত। ফলে ১৭ মার্চের অনুমতি ছিল। তবে রথ মানবাজারে ঘুরবেই।”

মঙ্গলবারের গোটা ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বিস্তারিত জানতে চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *