আইপিএল বেটিং চক্রে দুর্গাপুরে ধৃত ১, উদ্ধার নগদ টাকা সহ ৪টি মোবাইল

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১২ মে: ফের বেটিং চক্রের হদিস শিল্প শহর দুর্গাপুরে। মোবাইলে চলছে বাজি ধরার খেলা। বাদ পড়ল না আইপিএল। বৃহস্পতিবার রাতে বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন দুর্গাপুর থানার পুলিশের জালে ধরা পড়ল ১ জন। 

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহঃ নিয়াজ খান, দুর্গাপুরের মেনগেট এলাকার স্টিল পার্কের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ডায়েরি, ৪টি মোবাইল ফোন সহ নগদ ৫ লক্ষ ৩০ হাজার টাকা।

ঘটনায় জানাগেছে, সম্প্রতি শুরু হওয়া আইপিএল ক্রিকেট লিগে বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের খেলা চলছিল। ওই সময় বেটিং চালানোর খবর পেয়ে পুলিশ মেনগেট স্টিল পার্কে পুলিশ হানা দেয়। পুলিশি অভিযানে ধরা পড়ে নিয়াজ খান। শুক্রবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হয়। অনুমান, নিয়াজের সঙ্গে আরও কয়েকজন যুক্ত। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৩ জুন আন্তর্জাতিক খেলা চলাকালীন বেটিং চক্রে দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডের  মধুপল্লী থেকে দু’জনকে গ্রেফতার করেছিল। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল সহ নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করেছিল। জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক খেলায় অনলাইন অ্যাপের মাধ্যমে টাকার বাজি লাগানোর কারবার করত। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারপর এদিনের ঘটনায় প্রশ্ন উঠেছে, দুর্গাপুর শিল্প শহরে আবারও কি বেটিং চক্র সক্রিয়? পুলিশ জানিয়েছে, “বেটিং চক্রে  ধৃতকে হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *