Sukanta, BJP, Election, ১ দফা না ৫ দফা? কত দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে? কী চায় বিজেপি? জবাব দিলেন সুকান্ত

আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি: একাধিক দফায় নয়, বরং পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হতে পারে। কিন্তু এক দফায় ভোট করে কি কারচুপি আটকানো সম্ভব? বিজেপি কী চায়? এই প্রসঙ্গে বিজেপির ভাবনা সম্পর্কে স্পষ্ট জবাব দিলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এক দফা হোক অথবা পাঁচ দফা, তার জন্য তৈরি আছে বিজেপি।

শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্ম পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাড়িতে যান সুকান্ত মজুমদার। সুপারস্টারের বাড়ি থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মধ্যে ভোটের কারচুপি ঠেকাতে রাজ্যে এক দফায় ভোটের সম্ভাবনার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এক দফায় হবে না পাঁচ দফায় হবে ভোট সেটা জানা নেই। নির্বাচন কমিশনের তরফে সেইরকম কোনো নির্দেশিকা আমাদের কাছে পৌঁছায়নি। তবে ভোট যত দফাতেই হোক, ভারতীয় জনতা পার্টি তৈরি রয়েছে।

তিনি বলেন, আমাদের একটাই দাবি, বুথের মধ্যে এবং বুথের বাইরে যেন পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকে। আর কেন্দ্রীয় বাহিনী যদি কম হয়, তাহলে যেন অন্য রাজ্যের পুলিশ নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের উপর যেন ভরসা করা না হয়। পশ্চিমবঙ্গ পুলিশের উপর নির্ভর করে এখানে ভোট করানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *