কিশোরীকে ফুসলিয়ে বিক্রির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাটপাড়াতে, ধৃত ১ ব্যক্তি

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৩ আগস্ট: এক কিশোরীকে বিক্রি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভাটপাড়া পৌর এলাকায়। ছাত্রীদের বিয়ে রুখতে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ পড়ুয়াদের সাবলম্বী করতে চালু করেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড৷ কিন্তু তবুও বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপারা থানার অন্তর্গত কাটাডাঙ্গা এলাকায়। ৯০ হাজার টাকার বিনিময়ে এক কিশোরীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের এক পূর্ব পরিচিতার বিরুদ্ধে৷ আর দিনে দুপুরে কিশোরীকে ফুসলিয়ে টাকার বিনিময় বিক্রি করে দেওয়ার অভিযোগে ধৃত এক ব্যক্তি। ধৃতের নাম বিজয় খটিক। ধৃতকে মঙ্গলবার নৈহাটি হাজিনগর থেকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ।

অভিযোগ, গত শনিবার কাকিনাড়া কাটাডাঙ্গা অঞ্চলের ১৩ বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় ভাটপাড়া চালকি পাড়ার বাসিন্দা জয়শ্রী গুপ্তা। জানাগেছে, এর আগে বহুবার সেই কিশোরীর বিয়ের জন্য তার পরিবারের কাছে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না দেওয়ায় গত শনিবার কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায় জয়শ্রী গুপ্তা। ৯০ হাজার টাকার বিনিময় তিনি ওই কিশোরীকে হাজিনগরের বিজয় খটিকের কাছে বেঁচে দেয় বলে অভিযোগ। কিশোরীর বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে আজ ভাটপাড়া থানার পুলিশ ওই কিশোরীকে হাজিনগর থেকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

এদিন থানায় দাঁড়িয়ে কিশোরীর মা অভিযোগ করে বলেন, “বেশ কিছু দিন ধরেই আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল আমাদের পরিচিতা এক মহিলা। কিন্তু আমরা তাতে রাজি না হওয়ায় শনিবার আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে যায়। আর আমাদের অমতে বিয়ে দিয়ে দিয়েছে। পুলিশ আমাদের মেয়েকে উদ্ধার করে এনেছে। আর যার সাথে বিয়ে দিয়েছে সে বলছে আমার মেয়েকে ৯০ হাজার টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিয়েছে ওই মহিলা। আমার মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় আমরা এই বিয়ে মেনে নিচ্ছি না। আর এই অন্যায়ের শাস্তি চাইছি।”

এই ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপারা থানার পুলিশ। ধৃত বিজয় খাটিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত জয়শ্রী গুপ্তা পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *