সাঁকরাইলে বোমার সেল থেকে তামা বের করতে গিয়ে বিস্ফোরণে মৃত ১, জখম একই পরিবারের ৩

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ এপ্রিল: এয়ারফোর্সের বম্বিং এরিয়া থেকে বোমার সেল বাড়িতে এনে তামা বের করতে গিয়ে বোমার সেল ফেটে মৃত্যু হল একজনের। ঘটনায় আহত একই পরিবারের আরও তিন জন। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আংগারনালী এলাকায়। মৃতের নাম রামজীবন রানা, বয়স ৪৫ বছর।

জানা গেছে, আংগারনালী এলাকায় রয়েছে কলাইকুন্ডা এয়ারফোর্সের বম্বিং এরিয়া। প্রয়োজন অনুযায়ী ওই এলাকায় এয়ারফোর্সের বম্ব ফেলা হয়। পরে এলাকায় পড়ে থাকা পরিতক্ত বোমার সেল থেকে গ্রামবাসীরা অনেক সময় তামা বের করে তা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন। সেই মতো পরিতক্ত একটি বোমার সেল বাড়িতে নিয়ে এসে তামা বের করার সময় বোমা বিস্ফোরণে একই পরিবারের চার জন আহত হয়।

জানা গেছে, যখন তারা পরিতক্ত বোমার সেল থেকে বাড়ির কামারশালাতে তামা বের করার কাজ করছিলেন সেই সময় সেলটি ফেটে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় রামজীবন রানা নামে এক ব্যক্তির। পাশাপাশি আহত হন ওই পরিবারের আরও তিন সদস্য। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রামজীবন রানা সহ আহত তিন জনকে উদ্ধার করে স্থানীয় ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের চিকিৎসকরা রামজীবন রানাকে মৃত বলে ঘোষণা করে। আহত মৃতের স্ত্রী মালতী রানা ও মেয়ে মেনকা রানা এবং মৃতের জামাই সুরজিৎ রানাকে স্থানীয় ভাঙাগড় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *