আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ জুলাই: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত আন্দি বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি মোটর বাইকের সঙ্গে ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরবাইক আরোহীর। আহত হয় আরও এক মোটর বাইক আরোহী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে। ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহত ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় আন্দি বাজার সংলগ্ন কান্দি সাঁইথিয়া ১১নম্বর রাজ্য সড়কের উপর। পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে ও স্থানীয় মানুষের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছোয় বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আমু সেখ ও আহত ব্যক্তির নাম সাইদুল। দু’জনেই মুর্শিদাবাদের বাসিন্দা। তবে ওই ছোট ট্রাকের চালক এবং খালাসি পলাতক বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

