আমাদের ভারত, আরামবাগ, ২৬ আগস্ট: মাছ ধরতে গিয়ে বজ্রবিদ্যুৎতে মৃত্যু হল এক যুবকের। পাশাপাশি নিখোঁজ আরও এক যুবক। প্রশাসনের পক্ষ থেকে চলছে নদীতে খোঁজ। বৃহস্পতিবার ভারি বৃষ্টির সাথে চলছিল বজ্রপাত। আর সেই বজ্রপাতে প্রাণ গেল এক যুবকের। আরামবাগ থানার মানিক পাঠ এলাকায় এখন শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আরামবাগের দ্বারকেশ্বর নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়েছিল তিন যুবক। ওই সময় হঠাৎই মুষলধারায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত যুবকের নাম সূর্য মুর্মু। বয়স ২১ বছর। আহত রূপচাঁদ মুর্মু নামে এক যুবক। বজ্রাঘাতে দ্বারকেশ্বর নদীতে তলিয়ে যায় কৃষ্ণ হাঁসদা নামে এক যুবক। কৃষ্ণ হাঁসদা নদীর জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ থানার পুলিশ, সরকারি আধিকারিক সহ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়, আরামবাগ লোকসভা তৃণমূলের যুব নেতা পলাশ রায়। বিকেল থেকে ওই যুবকের খোঁজে তল্লাশি চালায় এনডিআরএফের প্রতিনিধি দল ও স্থানীয় বাসিন্দারা। বিকেল থেকে রাতভর তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত যুবকের হদিস পাওয়া যায়নি। ওই যুবকের খোঁজে বৃহস্পতিবার সকাল থেকেই চলছে উদ্ধার কাজ।
এলাকা সূত্রে জানা যায়, আরামবাগ নৈসাড়া এলাকা থেকে সূর্য মুর্মু ও রূপচাঁদ মুর্মু দুই বন্ধু মানিক পাটে কৃষ্ণ হাঁসদার বাড়ি এসেছিল। এরপর তিন বন্ধু মিলে দ্বারকেশ্বর নদীতে মাছ ধরতে যায়। আহত রূপচাঁদ বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আরামবাগ থানার পুলিশ মৃতদেহটিকে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

