Kalbaisakhi, Bankura, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বাঁকুড়ায় মৃ*ত ১, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ মার্চ: রবিবার সন্ধে নামার আগেই কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বাঁকুড়া। এদিনের ঝড় বৃষ্টিতে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। প্রাণ হারিয়েছে এক জন। বিষ্ণুপুরে সবজি বাজারে টিনের শেড চাপা পড়ে মৃত্যু হয়েছে এক জনের এবং আহত হয়েছেন চার জন। এছাড়া বিষ্ণুপুর বাউরিপাড়ায় একটি ঘরের ওপর গাছ ভেঙ্গে পড়ে। তবে অল্পের জন্য রক্ষা পান বাড়ির ৬ সদস্য। ঝড়ের দাপটে ভেঙ্গেছে হাসপাতালের একটি শেড এবং ঠান্ডা পানীয় জলের মেশিন। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। একটি এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা আটকে যায়।

রবিবার বিকেলের পর হঠাৎ প্রবল কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়।বিকেলের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয়ে যায় ঝোড়ো হাওয়া। তারপর শুরু হয় শিলা বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় মুষলধারে বৃষ্টি। বাঁকুড়া সদর সহ দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ, খাতড়া ও হিড়বাঁধ সহ বিভিন্ন ব্লকে জোর শিলাবৃষ্টি হয়। প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে বড় আকারের শিল পড়তে শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে বৃষ্টি।

অন্যদিকে দীর্ঘদিনের গরমের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন জেলাবাসী। তাপমাত্রা অনেকটা কমলেও সন্ধের পর সারা জেলা অন্ধকারে ডুবে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে এই বিপত্তি হয়। শিলা বৃষ্টিতে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা মুষড়ে পড়েছেন। বাজারে আলুর দাম নেই। ঋণ করে চাষে নেমেছিলেন তারা। ফের কালবৈশাখীর দাপট।এতে সবজির খুব ক্ষতি হবে।
এই শিলাবৃষ্টি নিয়ে চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা।

বর্তমানে মাঠে বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি অনেক জায়গায় আলু তোলার কাজও চলছে। কৃষকদের আশঙ্কা, শিলার আঘাতে ফসলের পাতা ও গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে ফলনের উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাঁচা সবজি ও জমিতে থাকা আলু চাষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *