জুলাই-আগস্ট থেকে দিনে এক কোটি করে করোনা টিকার ডোজ দেওয়া যাবে, জানালেন আইসিএমআর প্রধান

আমাদের ভারত, ১ জুন:দেশে করোনা টিকার কোনো ঘাটতি নেই বলে জানিয়ে দিল কেন্দ্র সরকার। জুলাই অথবা আগস্টের শুরুতেই প্রতিদিন এক কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন আইসিএমআর প্রধান বলরাম ভার্গব। তিনি আরো জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের মধ্যে দেশের সব নাগরিককে টিকা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ভার্গব জানিয়েছেন, জুলাই থেকে দেশে করোনা ভ্যাকসিনের উৎপাদন প্রায় দ্বিগুণ হবে। প্রতিদিন এক কোটি করে ডোজ পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই দেশের সকলকে দুটি করে টিকার ডোজ দেওয়াই লক্ষ্য কেন্দ্রের। তার কথায় দেশে তৈরি টিকা ছাড়াও একাধিক বিদেশি ভ্যাকসিন বাজারে চলে আসবে।

ডাঃ ভার্গব আরো বলেন, দেশে এখন টিকার ঘাটতি নেই। যখনই এক মাসের মধ্যেই সকলে ভ্যাকসিনের ডোজ নিতে চাইছেন তখনই ঘাটতি চোখে পড়ছে। একটা কথা আমাদের মাথায় রাখতেই হবে যে, ভারতের জনসংখ্যা বিপুল। আমেরিকায় যা হচ্ছে ভারতে সেটা হওয়া সম্ভব নয়। ভারতের জনসংখ্যা আমেরিকার থেকে চার গুণ বেশি। তাই সবাইকে ধৈর্য রাখতেই হবে।

চলতি বছর শেষ হওয়ার আগেই গোটা দেশে টিকাকরণের প্রক্রিয়া শেষ করে ফেলা হবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। জুলাই মাসের মধ্যেই টিকার উৎপাদন আরো বৃদ্ধি করা হবে বলেও সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *