অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘হে বৈশাখ!’ নামে এই আলোকচিত্র প্রদর্শনীর মূল আয়োজক ন্যাশনাল একাডেমী অফ ফোটোগ্রাফি (ন্যাপ) এবং ‘পারসোনা ইন্টারন্যাশনাল’।
প্রদর্শনীতে থাকবে ন্যাপ-এর ছাত্রছাত্রী এবং পারসোনা ইন্টারন্যাশনাল-এর সদস্যের তোলা আলোকচিত্র। ‘হে বৈশাখ!’ এই চিত্র প্রদর্শনীটির এ বছর ১১তম বর্ষ। এ বছর ৫৬ জন ছাত্রছাত্রী এবং পারসোনা ইন্টারন্যাশনাল-এর সদস্যরা ১৬২টি আলোকচিত্র প্রদর্শন করছে। ছবির স্বাধীন বিষয়। ছবির মাপ – ১৮ x ১২ ইঞ্চি, বাঁধানো।
ন্যাপ একটি আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান। ২০২২ সালে এই প্রতিষ্ঠানটি ২০ বছরে পদার্পন করলো। এটির প্রধান উদ্দেশ্য হলো হাতে-কলমে আলোকচিত্র শিক্ষা-দান, যাতে ছাত্র বা ছাত্রীরা তার শিক্ষা গ্রহনের পর ব্যবহারিক দিক থেকে উপকৃত হয়।
‘পারসোনা ইন্টারন্যাশনাল – দ্য হোম অফ ইমেজ মেকার’ হলো একটি ন্যাপ-এর পরিচালিত প্রতিষ্ঠান বা ক্লাব যেখানে ন্যাপের সমস্ত ছাত্র বা ছাত্রীরা সদস্য-পদ নিতে পারে। এটির প্রাথমিক উদ্দেশ্য হলো আলোকচিত্রর মাধ্যমে নিজের অন্তরের ভাবনা প্রকাশের ক্ষমতা তৈরি করা, শিল্পকলা হিসেবে প্রকাশ করা এবং পাশাপাশি নান্দনিক অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া।
আলোকচিত্রগুলি একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল দ্বারা বিচার করা হয়েছে। এতে আছেন আমেরিকার টনি লী কিম থুয়ান, ফ্রান্সের জ্যাকি মার্টিন, রোমানিয়ার তেওদোর রাদু প্যান্টিইয়া, সুইরজারল্যান্ডের ক্লোস স্টক, ভারতের এস. আর. মণ্ডল। বিচারক মণ্ডলীর সভাপতি বিশিষ্ট আলোকচিত্রী মধু সরকার।
মধুবাবু এই প্রতিবেদককে জানান, “আমেরিকার ইমেজ কলিগ সোসাইটি, ইন্টারন্যাশনাল স্বর্ণ পদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক এবং শ্রেষ্ট আলোকচিত্র শিল্পী পদক দিয়ে আমাদের সাহায্য করেছে। ৩টে অনারারী মেনশন আসছে ন্যাশনাল একাডেমী অফ ফোটোগ্রাফি থেকে। শ্রেষ্ঠ মুহূর্ত আলোকচিত্রের জন্যে গোডক্স সাহায্য করেছে গোডক্স এম-১ লাইট দিয়ে।
পুরস্কার প্রাপকদের মধ্যে আছেন প্রদীপ কুমার নস্কর (স্বর্ণ), চৈতালি দত্ত (রৌপ্য) ও শুভময় চাকী (ব্রোঞ্জ) পদক। তিন ‘অনারারী মেনশন’ প্রাপক হলেন অমর্ত্য মুখার্জি, সায়ন মন্ডল ও মৃনাল নাগ। ‘গোডক্স শ্রেষ্ঠ মুহূর্ত’ ও ‘আই.সি.এস. শ্রেষ্ঠ আলোকচিত্র শিল্পী’ স্বীকৃতি পাবেন যথাক্রমে সুমিত সান্যাল শুভময় চাকী।
আলোকচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে গ্যালারি গোল্ড, ১১, আব্দুল রসুল এভিনিউ, কলকাতা- ৭০০০২৬, ১৫ই এপ্রিল থেকে ১৭ই এপ্রিল, ২০২২।
প্রদর্শনীর শুভ সূচনা অনুষ্ঠিত হবে পয়লা বৈশাখ ১৪২৯), বিকাল ৫:৩০ টায়।

