হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১, উদ্ধার প্রচুর মদ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুলাই: দুটি আলাদা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি অবৈধভাবে মজুত করে রাখা প্রচুর মদ উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। ‌ধৃত দুষ্কৃতীর নাম রিন্টু ঘোষ। হাবড়া থানার দর্জিপাড়া এলাকায় বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হাবড়া থানার পুলিশের কাছে খবর আসে, হাবড়ার বামিহাটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক ব্যক্তি‌ সন্দেহজনক ভাবে ঘোরাঘোরি করছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিন্টু নামে ওই দুষ্কৃতীকে আটক করে তল্লাশি চালায়। ধৃতের কাছ থেকে একটি দেশী পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জেরায় সে স্বীকার করে যে, আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে সে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। ধৃতকে বুধবার দুপুরে বারাসাত আদালতে তোলা হয়। তবে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, অবৈধভাবে মজুত রাখা বিয়ার সহ দেশি এবং বিদেশি প্রায় দুশো লিটার মদ উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ কুম‌ড়ো বাজারে হানা দেয়। সেখানেই একটি বাড়ির পেছনে অস্থায়ী স্টল করে বেআইনিভাবে বেশ কিছুদিন ধরে মদ বিক্রি করা হচ্ছিল। এদিন সেখান থেকেই ১৯২ লিটার দেশি মদ সহ ৫ বোতল বিয়ার এবং ১০ বোতল বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশি অভিযান টের পেয়ে বিক্রেতারা পালিয়ে যায়। হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে মদগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *