বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে সফল চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে না: প্রশান্ত কিশোর

আমাদের ভারত, ২২ জুন:দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিকে কোনো তৃতীয় কিংবা চতুর্থ ফ্রন্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন না বলে মত প্রকাশ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির কাছে এমন দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি আরও স্পষ্ট করেছেন বিজেপির বিরুদ্ধে এই ধরনের কোনো ফ্রন্ট করার উদ্যোগ তিনি নিচ্ছেন না।

প্রশান্ত কিশোর বলেন,”আমি বিশ্বাস করি না বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিকে সফল চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট। আমি এরকম কোনও কিছুর সঙ্গে যুক্ত নই। তাঁর মতে তৃতীয় ফ্রন্টের ধারণা সেকেলে।

গত দুই সপ্তাহে এনসিপি প্রধান শরদ পাওয়ার ও প্রশান্ত কিশোরের দুটি বৈঠক ঘিরে তৃতীয় ফ্রন্টের জল্পনা শুরু হয়েছিল। সোমবারও পাওয়ারের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেন দুজন। এরপর আবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা বিরোধী দলগুলোকে নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছেন। পাওয়ারের বাড়িতেই মঙ্গলবার বৈঠ হওয়ার কথা। এই বৈঠক ঘিরেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃতীয় ফ্রন্ট করার সম্ভাবনা জোরদার হয়েছিল।

এই ফ্রন্ট গড়ার ক্ষেত্রে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু তাকে নিজেই তাতে জল ঢাললেন। পাওয়ারের সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছে, সে বিষয়ে বলতে গিয়ে প্রশান্ত বলেন, তারা দুজনেই আগে কখনো একসঙ্গে কাজ করেননি। একে অপরকে জানতেই নাকি বৈঠক করেছেন তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে পিকে চ্যালেঞ্জ করেছিলেন, বিজেপির আসন সংখ্যা দুই অংকে আটকে থাকবে। তার সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই বিজেপিকে হারাতে পেরেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয় নিয়ে পিকে বলেছিলেন, এই জয় দেশের বিরোধী দলগুলিকে বার্তা দিচ্ছে। তারাও বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কঠিন প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারে কেন্দ্রের শাসক দলকে।

এরপরই তৃতীয় ফ্রন্ট গঠনে প্রশান্ত কিশোরের উদ্যোগী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনায় নিজেই জল ঢাললেন পিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *