সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২ জানুয়ারি: শনিবার রাতে বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর গঙ্গাজলঘাঁটি থানার ঘটকগ্রাম ও পালেরবাঁধ মোড়ের মাঝে দুই মোটর বাইক আরোহীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের অমরকানন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, মৃত দুই যুবকের নাম জগৎ মন্ডল ও চিন্ময় মন্ডল। দুজনেরই বয়স ২৭ – ২৮ বছর। বাড়ি শালতোড়া থানার কেঁদনা গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে রাত ৮ টা নাগাদ। সম্ভবত কোনো লরি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ স্থানীয় টোলপ্লাজায় সিসিটিভি ফুটেজ দেখে ওই সময় কোন কোন গাড়ি পেরিয়েছে তা লক্ষ্য করে গাড়িটিকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে।
পরিবার সুত্রে জানা গেছে, শনিবার রাতে বড়জোড়ায় আত্মীয়র বাড়ি যাচ্ছিল। পুলিশ মৃতদেহ ২ টি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

