রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অবিলম্বে উপনির্বাচনের দাবি মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২৩ আগস্ট: বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার বাংলার মসনদ দখল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২১৩ টি আসন দখল করার পরেও নন্দীগ্রামে নিজে হেরে যাওয়া এখনো কাঁটার মতো বিঁধে রয়েছে মুখ্যমন্ত্রীর মনে। তবে ভোটের পর অতিমারী আবহের কারণে করানো সম্ভব হয়নি উপনির্বাচন। তবে এবার বাংলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করে উপনির্বাচনের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েক মাস আগে যেখানে নিয়মিত গড়ে ১৬ থেকে ১৭ হাজার মানুষ সংক্রমিত হচ্ছিলেন, সেই সংখ্যা এখন নেমেছে ৬০০- তে। শুধু উপনির্বাচনই নয়, আটকে রয়েছে পুরসভা নির্বাচন। সোমবার এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যে জায়গায় উপনির্বাচন হবে সেখানকার পরিস্থিতি ভাল। তাই এটাই নির্বাচনের উপযুক্ত সময়। এই সময় সকলে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

ইতিমধ্যেই তৃণমূলের তরফে একাধিকবার দ্রুত উপনির্বাচন করানোর দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কিন্তু এখনও তাঁদের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওয়াকিবহাল মহলের মতে, করোনা পরিস্থিতি বিবেচনা করেই উপনির্বাচনের দিনক্ষণ স্থির করছে না। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও বেশ কিছু আসনে হতে পারে রাজ্যের উপনির্বাচন। এখন নির্বাচন কমিশন কত দিনে লসেই সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *