জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ নভেম্বর: করোনা আবহে বিগত কয়েক মাসের মতো নভেম্বর মাসেও রাজ্যের বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সামগ্রী বিতরণ করা হবে আগামী ৯ থেকে ১৩ই নভেম্বর। কিন্তু মিড ডে মিল সামগ্রীর সরকার নির্ধারিত ক্রয়মূল্য নিয়ে সমস্যা দেখা দেওয়ায় সরব হয়েছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার সংগঠনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান মহামারী পরিস্থিতিতে নিজ নিজ বিদ্যালয়ের কর্মকান্ড সামলে স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের পক্ষ থেকে মিড ডে মিলের নির্ধারিত মূল্য প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে মিড ডে মিলের সামগ্রী বিতরণের সরকারি নির্দেশনামাকে বিভীষিকাময় এবং অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। সরকারী নির্দেশিকা সামনে রেখে কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করে পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম (পঞ্চায়েত) তথা ডিইও এবং মাধ্যমিক বিভাগের জেলা বিদ্যালয় পরিদর্শককে এদিন ডেপুটেশন দেওয়া হয়। মূলতঃ যে দাবিগুলোকে সামনে রেখে এদিনের ডেপুটেশন তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল বাজারদরের উপর নির্ভর আলুর ক্রয়মূল্য নির্ধারিত বত্রিশ টাকার পরিবর্তে বাড়িয়ে কমপক্ষে চল্লিশ টাকা করা,প্যাকেটিং ও অভিভাবক অভিভাবিকাদের অবহিতকরণের জন্য ঘোষণা বাবদ অর্থ বরাদ্দ করা । কর্তৃপক্ষের তরফে সমস্যাগুলি সমাধানের সদর্থক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।

