মহারাষ্ট্রের করুণ ছবি! জায়গা নেই তবুও একটি অ্যাম্বুলেন্সে ২২টি কোভিড মৃতদেহ ঠুসে ঠুসে ভরা হচ্ছে

আমাদের ভারত, ২৭ এপ্রিল:
হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে একটা অ্যাম্বুলেন্স। আর তাতেই কোভিডের মৃতদেহ ঠুসে ঠুসে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে সৎকারের জন্য। অ্যাম্বুলেন্সে জায়গা নেই তবু গাদাগাদি করে সেটাতেই তোলা হয়েছে ২২ টা দেহ। একের পর এক বস্তাবন্দি দেহ চাপানোর সেই ভয়াবহ চিত্র সামনে এসেছে মহারাষ্ট্রের বিড জেলার আম্বেজোগাইয়ে। সেখানকার স্বামী রমানাথন তীর্থ মারাঠাওয়াড়া সরকারি মেডিকেল কলেজের এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেহ এভাবে তোলার সময় পুলিশও সেখানে উপস্থিত ছিল। মৃত রোগীর আত্মীয়রা আ্যাম্বুলেন্সে এই দেহ তোলার ছবি তুলতে গেলে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর দেহগুলি সৎকার হবার পর মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। সেখানকার জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে হাসপাতালের ডিন শিবাজী সুকরে জানিয়েছেন, সৎকার করতে দেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দুটি অ্যাম্বুলান্স রয়েছে। তারা আরোও অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছেন। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে দেহ তুলে দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব। তারা কী ভাবে তা নিয়ে যাবে তাতে তাদের কোন নিয়ন্ত্রন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *