স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ এপ্রিল: ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে এইমসের ভূমিপূজা হবে, হেমতাবাদে ঘোষণা করলেন অমিত শাহ। শিলিগুড়িতে আইটি পার্ক, মেট্রো পরিষেবা চালু, উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গের মানুষের মন জিততে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা অমিত শাহের। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারাজা হাট এলাকার সভা থেকে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
হেমতাবাদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শীতলকুচির ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করলেন অমিত শাহ। এদিন হেমতাবাদ বিধানসভা এলাকার মহারাজা হাটের সভা থেকে একগুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের ঘোষণা করলেন অমিত শাহ৷ ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে এইমসের ভূমিপূজা করার প্রতিশ্রুতি দিলেন তিনি।
সোমবার দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তরবঙ্গ জুড়ে জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন প্রথমে ধুপগুড়িতে সভা করেন তিনি। এরপর কালিম্পং-এ রোড শো করেন। সেখান থেকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার অন্তর্গত মহারাজা এলাকায় জনসভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
বিজেপি সূত্রে জানা গেছে, মহারাজার সভা শেষ করে শিলিগুড়িতে একটি রোড শোতে যোগ দেবেন অমিত শাহ।
এদিন মহারাজার সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক বক্তব্যের জন্যই শীতলকুচিতে কিছু লোক কেন্দ্রীয় বাহিনীর হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই কারণেই চারজনের প্রাণ চলে গিয়েছে। এদিন অমিত শাহের সাফ বক্তব্য শীতলকুচির ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন অমিত শাহ বলেন, দিদি বক্তব্য রাখলেই আমাকে গালিগালাজ করছেন। দিদি ভাবছেন শুধু বিজেপি তার বিরোধিতা করছে। কিন্তু আসলে গোটা উত্তরবঙ্গ দিদির বিরুদ্ধে লড়াই করছে।
উত্তরবঙ্গের সাথে অনেক অন্যায় হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসকে একটিও আসনে জিততে দেবেন না বলে এদিন মঞ্চ থেকে আহ্বান জানান অমিত শাহ। তাঁর দাবি, ৪ দফার ভোটে ৯২ এর বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পঞ্চম দফাতেই চূড়ান্ত হয়ে যাবে বিজেপির সরকার। এদিন নাগরিকত্ব আইন নিয়ে ফের একবার সরব হন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসছে আর সিএএ লাগু হবে বাংলায়। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে।
তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের কথাও ঘোষণা করেন অমিত শাহ। উত্তরবঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, নারায়ণী ব্যাটেলিয়ন, পঞ্চানন বর্মার নামে ২৫০ কোটি টাকা খরচ করে মূর্তি, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে বানানোর প্রতিশ্রুতি দেন অমিত শাহ।
শিলিগুড়িতে মেট্রো প্রকল্প চালু ও শিলিগুড়ি থেকে কলকাতা ৩ ঘন্টায় পৌঁছানোর জন্য রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও এদিন দেন বিজেপির কেন্দ্রীয় নেতা। পাশাপাশি, ক্ষমতায় এলে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎবিল ছাড়, শিলিগুড়িতে আইটি পার্ক, প্রতি ঘরে কমপক্ষে একজনকে কাজ দেওয়ার কথা জানান তিনি। বাংলায় মোদী সরকার এলে ছয় মাসের মধ্যে এইমসের ভূমিপূজা হবে বলেও এদিন সভা মঞ্চ থেকে ঘোষণা করেন অমিত শাহ।
বাংলায় আইনকানুন একদম ভেঙে পড়েছে। শতাধিক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপি এলেই তৃণমূলের দুষ্কৃতীরা পাতালে লুকিয়ে থাকলেও খুঁজে এনে জেলে ঢোকানো হবে বলে এদিন হুঁশিয়ারি দেন অমিত শাহ। মোদীজির নেতৃত্বে সোনার বাংলার নির্মাণ করবই বলে দাবি করেন তিনি।

