আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ নভেম্বর: কান্দিতে বোমার আঘাতে জখম হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। নমাজা পড়ে বাড়ি ফেরার পথে গুরুতর জখম হন তিনি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কান্দি থানার অন্তর্গত নবগ্রাম এলাকায়।
জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় বাবর আলি নামে ওই তৃণমূল নেতা নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। স্থানীয় বাসিন্দারা বোমার শব্দ শুনতে পেয়ে চিৎকার করে উঠলে দুষ্কৃতীরা মাঠের মধ্যে দিয়ে পালিয়ে যায়। বোমায় আহত ওই তৃণমূল নেতা বাবর আলিকে স্থানীয় বাসিন্দারা গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কান্দি থানা নবগ্রাম এলাকায়।
বাবর আলির সমর্থকদের অভিযোগ, তাকে পঞ্চায়েত সদস্যের পদ থেকে সরিয়ে অন্যরা দাঁড়ানোর জন্য শাজাহানের গোষ্ঠীর লোকজন বোমা মেরেছে।

