আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর: একাধিক দাবি তুলে উত্তরকন্যা অভিযানে নামল নর্থ বেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উত্তরবঙ্গের আটটি জেলার সাফাই কর্মীরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে জমায়েত হয়ে পথযাত্রা করে সব জেলা থেকে উত্তরকন্যার উদ্দেশে রওয়া দিয়েছেন।
বুধবার কোচবিহার থেকে আসা পদযাত্রা আলিপুরদুয়ার, ফালাকাটা হয়ে জলপাইগুড়ি পাহাড়পুরের জাতীয় সড়কে পৌঁছায়। এরপর জলপাইগুড়ির সদস্যরা একজোট হয়ে ফাটাপুকুরের উদ্দেশে রওনা দিলেন। ফাটাপুকুরে রাত্রিযাপন করে শুক্রবার হরিজনদের সামাজিক উন্নয়নের জন্য উত্তরকন্যার উদ্দেশে রওনা দেবেন।
এদিন আন্দোলনকারীদের দাবি ছিল অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। হরিজন দলিত সাফাইকর্মীদের সামাজিক উন্নতি, উত্তরাধীকার সুত্রে মৃত সাফাই কর্মীর পরিবারের সদস্যদের চাকরি দেওয়া সহ মোট ২২ দফা দাবি তোলা হয়। আন্দোলনকারীদের পক্ষে গৌতম বাসফোর বলেন, “আমাদের সামাজিক উন্নয়ন চাই। একাধিক দাবিতে উত্তরকন্যা অভিযান শুরু হয়েছে।”

