ইছাপুর রাইফেল ফ্যাক্টরির গেটের সামনে ঠিকা শ্রমিকদের ধর্না ও অবস্থান বিক্ষোভ

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ মার্চ: ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরির চুক্তি ভিত্তিক শ্রমিকরা কর্মক্ষেত্রে বঞ্চনার অভিযোগে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির গেটের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই দুটি কারখানায় ৫০০ র বেশি চুক্তি ভিত্তিক ঠিকা শ্রমিক কাজ করে। এই শ্রমিকরা দীর্ঘদিন ধরেই কারখানার বিভিন্ন কন্ট্রাক্টরের অধীনে কাজ করছেন। বর্তমানে কারখানা কর্তৃপক্ষ ভিন রাজ্যের কন্ট্রাক্টরদেরও কাজের বরাত দিচ্ছে। যার ফলে সেই কন্ট্রাক্টররা এই কারখানায় নতুন শ্রমিকদের নিয়োগ করছে বলে অভিযোগ কারখানার পুরনো ঠিকা শ্রমিকদের, পুরনো শ্রমিকরা নতুন কন্ট্রাক্টরদের অধীনে ঠিকমত কাজ পাচ্ছে না। এমনকি নতুন কন্ট্রাক্টরদের বিরুদ্ধে কারখানার শ্রমিকদের অভিযোগ, আগে তারা নিয়মিত বেতন পেলেও এখন ঠিকমত বেতন পান না। ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরির আন্দোলনরত ঠিকা শ্রমিকদের দাবি, নিয়মিত হারে মাসের বেতন প্রত্যেক ঠিকা শ্রমিককে মিটিয়ে দিতে হবে, নতুন কোনও শ্রমিক নিয়োগ করা চলবে না, পুরনো শ্রমিকদের নিয়েই ঠিকাদারী সংস্থাকে কাজ করতে হবে। পুরনো শ্রমিকরা ইছাপুর রাইফেল ফ্যাক্টরি গেটের সামনে ধর্না বিক্ষোভ প্রদর্শন করে সাফ জানিয়ে দিয়েছে, নতুন কোনও ঠিকা শ্রমিককে তারা কারখানায় কাজ করতে ঢুকতে দেবেন না।

আন্দোলরত শ্রমিকরা জানিয়েছেন, যতদিন না ঠিকাদারী সংস্থা তাদের সমস্যার সমাধান করবে, ততদিন পর্যন্ত গেটে চুক্তিভিত্তিক শ্রমিকদের অবস্থান বিক্ষোভ ও ধর্না কর্মসূচি চলবে। শ্রমিক নেতা সজল দে বলেন, “আমরা বাধ্য হয়ে আজকে পথে নেমেছি। এই নির্বাচনের সময় আমরা আন্দোলন করতে চাইছিলাম না। কিন্তু বাধ্য হয়েছি আন্দোলন করতে । কাঁকিনাড়ার এক ঠিকাদার এখানে কাজের বরাত পেয়েছে, তারা নতুন শ্রমিক নিয়োগ করতে চাইছে, যা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ওরা ১৯০ জন শ্রমিককে নিয়ে কাজ করতে চায়। আমাদের সাফ কথা নতুন শ্রমিক নিয়োগ করা চলবে না। পুরনো শ্রমিকদের নিয়ে কাজ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *