আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: আমফানে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষিক্ষেত্র ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুসারে, জেলায় কৃষিতে ক্ষতির পরিমাণ ৫০০ কোটিরও বেশি। চাষের ধান বহু জমি থেকে কেটে তুলে নেওয়া হলেও দেরিতে লাগানো ধান জমিতেই থেকে যাওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে জেলায় উদ্যান পালন ফসল হিসেবে চাষ করা সবজি, তিল, ফুল, কলা প্রভৃতি চাষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলায় ডেবরা ব্লক উদ্যানপালন ফসলের চাষের জন্য ভিন্ন স্থান অধিকার করে। আমফানের প্রভাবে এই ব্লকের মাড়াতলা, ট্যবাগেড়া প্রভৃতি এলাকায় গাঁদা ফুল চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় প্রায় ২০০ বিঘা জমির ফুল চাষ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ফুলচাষিরা।


